ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন দুলু
Published : ১২:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ এ রায় প্রদান করেন।
২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক ও কটুক্তিমূলক প্রোপাগান্ডা চালানোর অপরাধে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ মামলায় দুলু আদালতে আত্মসমর্পণ করেন।
রোববার আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে দুলুকে খালাস প্রদান করেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল ( জেলা ও দায়রা জজ) বিচারক ড. মো. আব্দুল মজিদ।
এ বিষয়ে আইনজীবী মাহাফুজ উন নবী ডন বলেন, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর লালমনিরহাট সদর থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক ও কটুক্তিমূলক প্রোপাগান্ডা চালানোর অভিযোগে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছিল। ওই মামলায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।
বিডি/এন
































