উপকরণের দাম বাড়লেও পারিশ্রমিক বাড়েনি প্রতিমাশিল্পীদের

উপকরণের দাম বাড়লেও পারিশ্রমিক বাড়েনি প্রতিমাশিল্পীদের

খন্দকার আশরাফুল ইসলাম

Published : ১৮:০১, ৩ অক্টোবর ২০২৪

গত বছরের তুলনায় এবার কাজ বাড়লেও বাড়েনি মৃৎশিল্পীদের পারিশ্রমিক। এ বছর প্রতিমা তৈরির উপকরণের দামও নাগালের বাইরে। উপকরণ হিসেবে ব্যবহৃত এঁটেল মাটি, কাঠ, বাঁশ, খড়, পাটের আঁশ এ বছর কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।

টাঙ্গাইলের প্রতিমাশিল্পীরা এভাবেই হতাশা ব্যক্ত করে বলেন, মজুরি নেমেছে অর্ধেকে, তারপরও বাপ-দাদার পেশা বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তারা।

সরেজমিনে টাঙ্গাইল জেলার ছাওয়ালীতে (মহেড়া) দেখা যায়, প্রতিমাশিল্পীদের প্রত্যেকেই প্রচণ্ড ব্যস্ততম সময় পার করছেন। দম ফেলার ফুরসত নেই তাদের।

প্রতিমাশিল্পী সুশান্ত পাল বলেন, অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর ভিন্ন রকম পরিবেশ চলছে। এ কারণে আমরা সেভাবে কাজ করতে পারছি না। শুরুর দিকে তেমন কাজ না থাকলেও এখন কিছু কাজ আসছে। গতবছর ১০-১২ টা মণ্ডপের কাজ করেছি। এবার ৬টি বানিয়েছি।

আরেক প্রতিমাশিল্পী মৃণালকান্তি পাল বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। আমরা আগে যে বাঁশ ২০০-২৫০ টাকায় কিনতাম, এখন তা ৫০০- ৬৫০ টাকায় কিনতে হচ্ছে। আগে ৩ হাজার টাকার খড় দিয়ে একটা মণ্ডপের প্রতিমা হয়ে যেতো, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫-৬ হাজার টাকায়।

খড়ের পরিমাণ একই কিন্তু দাম দ্বিগুণ। আগে যে প্রতিমা তৈরিতে খরচ হতো ৪০-৫০ হাজার টাকা, এখন সেই প্রতিমা তৈরিতে খরচ হচ্ছে লাখ টাকার ওপরে।

প্রতিমাশিল্পী সন্তোষ পাল বলেন, গতবছর ১২টি প্রতিমা তৈরি করেছিলাম। এবার পরিস্থিতি তেমন ভালো না দেখে ৬টি তৈরি করেছি। ভয়ে ছিলাম এবার পূজা হবে কিনা।

প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বেড়েছে। এক বস্তা মাটির (৫০ কেজি) দাম ২ হাজার টাকা (প্রতিমা তৈরিতে ব্যবহৃত)। সঙ্গে পরিবহন খরচতো আছেই। সে তুলনায় আমাদের পারিশ্রমিক বাড়েনি।

সাধারণ সম্পাদক (জেলা পূজা উদযাপন পরিষদ) প্রদীপ গুণ ঝন্টু বলেন, পূজা উদযাপন কমিটি ও সর্বদলীয় লোকদের সঙ্গে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের দুর্গা উৎসব সুন্দর ও সার্থক হবে আশা করি।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) জনাব সাইফুল ইসলাম সানতু বলেন, ধর্মীয় উৎসবের নিরাপত্তার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেবো। আশা করছি, সুন্দরভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে।

গতকাল মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement