পাহাড়ি ঢলে ভাঙলো বাঁধ, শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত
Published : ১৪:০১, ৫ অক্টোবর ২০২৪
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।
গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানিয়েছেন, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পানি আজ সকালে নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ।
গত ২৪ ঘণ্টায় শেরপুরে ২২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিডি/ও
































