৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ এপ্রিলের পর সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

Published : ১৪:৩৫, ২৮ এপ্রিল ২০২৬

আগামী ৩০ এপ্রিলের পর জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য জয়নুল আবদিন ফারুকের জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা বার ও লাউঞ্জ বন্ধে ইতোমধ্যে পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ বিশেষ অভিযান চালাচ্ছে। এসব অভিযানে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিসা ‘খ’ শ্রেণির মাদক হিসেবে তালিকাভুক্ত। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, রাজধানীর গুলশান এলাকায় একাধিক অভিযানে কয়েক কেজি সিসা ও হুক্কা জব্দ করা হয়েছে। অবৈধ সিসা লাউঞ্জগুলো যেন নাম-পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আইনগত লড়াই চালিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন ও রেস্টুরেন্টের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার জন্য হুমকি। এ কারণে সিটি করপোরেশন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যক্রম বিস্তার লাভ করেছিল। তবে বর্তমান সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে কঠোর অবস্থান নিয়েছে এবং এই ধরনের অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement