রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি রোববার, নিজেই লড়বেন অ্যাটর্নি জেনারেল

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি রোববার, নিজেই লড়বেন অ্যাটর্নি জেনারেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১০, ১১ জুন ২০২৬

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি আগামী রোববার শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, মামলাটির শুনানিতে রাষ্ট্রপক্ষের নেতৃত্ব নিজেই দেবেন এবং কোনো ধরনের মুলতবির আবেদন করা হবে না।

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু রামিসা হত্যা মামলাসহ নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার কার্যক্রম বিরতিহীনভাবে পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চটি রোববার থেকে বিচারকার্য পরিচালনা করবে।

রাষ্ট্রপক্ষের পক্ষে মামলাটি পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে একটি বিশেষ আইনজীবী দল গঠন করা হয়েছে। এ দলে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান, জামিউল হক ফয়সাল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন।

গত ৯ জুন রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের রায়ের অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের রায়ে স্বাক্ষর করার পর মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হয়। বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াই ডেথ রেফারেন্স নামে পরিচিত।

রাষ্ট্রপক্ষের আশা, দ্রুত শুনানির মাধ্যমে মামলাটির বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

শেয়ার করুনঃ
Advertisement