রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি দ্রুত এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ০২:৪০, ৮ জুন ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সিরিয়ালে কিছুটা এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার রায় দেশের বিচার ব্যবস্থা ও পুলিশের তদন্ত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টরা ঈদের ছুটি পর্যন্ত বাতিল করে দায়িত্ব পালন করেছেন, যা রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত।
তিনি আরও জানান, সাম্প্রতিক কয়েকটি আলোচিত মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে, তবে ব্যর্থতা বা অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়ালন্দ ঘাটে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কারণে প্রায় ৫০ জন যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। পাশাপাশি গজারিয়ায় একটি কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন করেছে পুলিশ।
তিনি আরও জানান, আগামীকাল নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চারদিনের সীমান্ত সম্মেলনে পুশ-ইন, সীমান্ত হত্যা ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে।
মন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ ও মাদক দমনে নিয়মিত অভিযান চলছে এবং আইন সংস্কারের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

































