ভোজ্যতেলের বাজারে কারসাজি: টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েলকে ৩২.৪৪ কোটি টাকা জরিমানা

ভোজ্যতেলের বাজারে কারসাজি: টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েলকে ৩২.৪৪ কোটি টাকা জরিমানা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৯, ১২ জুন ২০২৬

ভোজ্যতেলের বাজারে কারসাজি ও সরবরাহ সীমিত করে মূল্য বৃদ্ধির অভিযোগে টিকে (TK) গ্রুপের মালিকানাধীন শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বৃহস্পতিবার (১১ জুন) কমিশনের সচিব মাহবুবুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশন সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে নামে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদন্তে আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ সংকট সৃষ্টি এবং সরবরাহ আদেশ (এসও) সংক্রান্ত অনিয়মের মাধ্যমে বাজারে মূল্য বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়।

পরবর্তীতে বিষয়টি অধিকতর তদন্তের জন্য বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করে। তদন্তে শবনম ভেজিটেবল অয়েলসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন, ২০১২ লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ সরবরাহ আদেশ (এসও) ব্যবহার করে পণ্য বিক্রি করেছে, যা ২০১১ সালের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশের পরিপন্থী। এ ধরনের কার্যক্রমকে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে কমিশন।

রায়ের পর্যবেক্ষণে কমিশন উল্লেখ করেছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত শবনম ভেজিটেবল অয়েল উৎপাদন ও সরবরাহ সীমিত করে এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটিকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। তবে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির আপিল বা রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে।

এদিকে একই ঘটনায় গ্লোব এডিবল অয়েল, সিটি এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল এবং ইউনাইটেড এডিবল অয়েলসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে কমিশন।

শেয়ার করুনঃ
Advertisement