বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:২৭, ২৯ এপ্রিল ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদরদপ্তরে বাহিনীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় দেশে এ ধরনের কোনো কার্যক্রম নেই।

তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা জোরদারে কোস্টগার্ডের জনবল ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীকে আধুনিক লজিস্টিক, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুবিধা দিয়ে শক্তিশালী করা হবে।

মন্ত্রী আরও বলেন, নদীমাতৃক বাংলাদেশের জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগে ‘কোস্টগার্ড আইন’ প্রণয়নের মাধ্যমে এই বাহিনীর যাত্রা শুরু হয়।

তিনি জানান, ভবিষ্যতে দুর্গম হাওর অঞ্চল এবং সুন্দরবনসহ ম্যানগ্রোভ বনাঞ্চলেও কোস্টগার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক যুগে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে অপরাধ সংঘটিত করছে। তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কোস্টগার্ডকেও প্রযুক্তিগতভাবে আরও দক্ষ ও আধুনিক হতে হবে। এজন্য বাজেট বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হঠাৎ পুরো বাহিনী প্রত্যাহার করা সম্ভব নয়, তবে শিগগিরই সংখ্যা সীমিত পর্যায়ে আনা হবে।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই) নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নিয়ম অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা বহাল থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement