প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির তথ্য
Published : ০১:৩২, ৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে পেশ করা অডিট রিপোর্টে আলোচিত ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির প্রতিবেদন স্থান পেয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর দফতরে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বহুল আলোচিত ‘বালিশ কাণ্ড’ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনও অন্তর্ভুক্ত রয়েছে।
২০১৯ সালে রূপপুর প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক ভবনে আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগে এ কেলেঙ্কারি সামনে আসে। প্রতিবেদনে দেখা যায়, প্রতিটি বালিশের মূল্য ধরা হয়েছিল ৫,৯৫৭ টাকা এবং তা বহন করে ওপরে তোলার জন্য মজুরি দেখানো হয় ৭৬০ টাকা। এছাড়া কমফোর্টার, বিছানার চাদরসহ অন্যান্য সামগ্রীতেও অস্বাভাবিক উচ্চমূল্যের উল্লেখ রয়েছে।
প্রেস সচিব জানান, প্রতিটি বালিশের অস্বাভাবিক মূল্য শুনে প্রধানমন্ত্রী রসিকতার সুরে বলেন, “এত দামী বালিশের একটি জাদুঘরে রাখা উচিত।”
অডিট প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৬৯ কোটি টাকার কেনাকাটায় নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































