এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্নের আশা: মির্জা ফখরুল
Published : ০১:৪৮, ৬ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন আয়োজনের চেষ্টা করবে সরকার।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চলমান জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “আগেও বলেছি, এখনো বলছি— আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার।”
মির্জা ফখরুল জানান, সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জেলা প্রশাসকদের দেওয়া বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাই গণতন্ত্রের মূলভিত্তি। এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করা গেলে দেশের গণতন্ত্রও শক্তিশালী হবে।
মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকদের নেতৃত্ব দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত দুই বছরে স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে সড়ক সংস্কারে যথেষ্ট নজর দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারের দায়িত্ব শুধু সড়ক উন্নয়ন নয়; বিশুদ্ধ পানি সরবরাহ, প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন জনসেবামূলক কাজও তাদের করতে হয়।
গত ১৬ বছরে স্থানীয় সরকারের কার্যক্রমে দুর্বলতা ও ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এসব অনিয়ম তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জেলা প্রশাসক সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
































