বিশেষ অভিযানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ০৩:২৪, ১১ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের ফলেই পরিস্থিতির এই উন্নতি সম্ভব হয়েছে।
আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম এ- অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রা পরিবর্তিত হয়েছে। তাই সাইবার অপরাধ, অনলাইন জুয়া, অর্থপাচারসহ আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, “আধুনিক প্রশিক্ষণ ছাড়া অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই সরকার পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে।”
সালাহউদ্দিন আহমদ আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং অর্থপাচার প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, দেশে ‘মব কালচার’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও কার্যকর ও সময়োপযোগী করা হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
































