পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ : আইনমন্ত্রী

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণের উদ্যোগ : আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:২৯, ১১ মে ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা ও আধুনিক আইনচর্চার সক্ষমতা বাড়াতে পর্যায়ক্রমে ৮০ হাজার আইনজীবীকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিদেশি দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

আজ সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে ব্যারিস্টার ও কর্পোরেট আইনজীবীদের আয়োজিত “উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আইন পেশার রূপান্তর” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট বারের তরুণ আইনজীবীরা।

আইনমন্ত্রী বলেন, বিদেশ থেকে ইংরেজি মাধ্যমে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করে দেশে ফেরা শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বার কাউন্সিলের তালিকাভুক্তি পরীক্ষা পদ্ধতি জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ পরীক্ষার প্রশ্ন বাংলা ভাষায় প্রণয়ন করা হয়। তাই বর্তমান বাস্তবতার আলোকে এ পদ্ধতির সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, নতুন প্রজন্মের অনেক আইনজীবী অত্যন্ত মেধাবী। তাদের সুপ্রিম কোর্টে দক্ষতা প্রয়োগের সুযোগ সৃষ্টি করতে হবে। কিন্তু বিদ্যমান পরীক্ষাব্যবস্থার জটিলতার কারণে অনেকেই আইন পেশায় না এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে যুক্ত হচ্ছেন।

বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আদালতের কোর্ট ফি ও স্ট্যাম্প বিক্রি থেকে বছরে ১৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়। অথচ পুরো বিচার বিভাগের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা। বিচার বিভাগের কার্যকারিতা বাড়াতে এ বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement