র্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো বাহিনী নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ০১:৩০, ১৯ মে ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু কর্মকর্তার আইনবহির্ভূত ও ব্যক্তিগত অপকর্মের কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো যায় না।
আজ রাজধানীতে র্যাব ফোর্সেস সদরদপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত এলিট ফোর্স। কিন্তু বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে এই বাহিনীকে ব্যবহার করায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, সরকার মানবাধিকার সমুন্নত রেখে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিমূলক এলিট ফোর্স গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে র্যাবের আইনি কাঠামো সংস্কার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বাহিনীটিকে অপব্যবহার করা হয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন আইনের মাধ্যমে র্যাবকে সংস্কার ও পুনর্গঠন করা হলে যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়নি। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।
গুম ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আরও শক্তিশালী করার কাজ করছে। আইন সংস্কার সম্পন্ন হলে গুম, নিখোঁজ ও সংশ্লিষ্ট অপরাধের বিচার বিশেষ আদালতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকির, র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































