কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধান উপদেষ্টা
Published : ০৯:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
শিশুদের চোখে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বাণীতে বলেন,"কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী " জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪" উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে নারী-পুরুষ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে, সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের অর্ধেকই কন্যাশিশু।
তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তাদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে, তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
তিনি জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
বিডি/এন

































