প্রথমে বোন বানিয়ে তারই ছেলেকে অপহরণ, অতঃপর..

প্রথমে বোন বানিয়ে তারই ছেলেকে অপহরণ, অতঃপর..

নি

Published : ১৫:৪৪, ৬ অক্টোবর ২০২৪

রাজধানীর সদরঘাট থেকে অপহৃত প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

এ ঘটনায় বাদল ওরফে হৃদয় (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছে, শিশুটির মায়ের সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। মূলত শিশুটিকে অপহরণ করতেই তিনি তার মায়ের সাথে সম্পর্ক গড়েন। এরপর সুযোগ বুঝে শিশু তুষারকে অপহরণ করেন হৃদয়। এরপর মোটা অংকের টাকা দাবি করেন তিনি। 

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় শিশু আব্দুল্লাহ আল নূর তুষার অপহরণের শিকার হয়। তাকে অপহরণের আগে তার মায়ের সাথে হৃদয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়।

পরিচয়ের সুবাধে ঘটনার দিন তাকে নিয়ে তার মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় হৃদয়ের সাথে দেখা করতে যান। পরে অপহরণকারী হৃদয় অপহৃত তুষারকে চিপস কিনে দেওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে।

এরপর শিশুটির মা সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। 

শিশু তুষারকে অপহরণ করার ৩ দিন পর কল করেন অজ্ঞাত এক ব্যক্তি। শিশুটির মাকে ফোন করে মুক্তিপণ ২ লাখ টাকা দাবি করেন সেই ব্যক্তি।

মুক্তিপণের টাকা না দিলে তুষারকে মেরে ফেলা হবে বলে ফোনে জানানো হয়। এমন হুমকি পেয়ে শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীদের ৬ হাজার টাকা পাঠায়। 

কিন্তু বাকী টাকা না পেয়ে অপহরণকারী হৃদয় শিশুটিকে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এরপর নিরূপায় হয়ে শিশুটির বাবা র‌্যাব-২ এর কাছে তাকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন।

তাদের আবেদনের প্রেক্ষিতে অপহৃত তুষার উদ্ধারে নামে র‌্যাব। এরপর অপহরণকারীর অবস্থান জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  এবং অপহরণের শিকার তুষারকে উদ্ধার করা হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement