১০ বছরের সম্পর্কের পর বিয়ে, রোনালদো-জর্জিনার ঘরোয়া আয়োজন কোথায়?

১০ বছরের সম্পর্কের পর বিয়ে, রোনালদো-জর্জিনার ঘরোয়া আয়োজন কোথায়? ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৪:০১, ১২ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রায় ১০ বছরের সম্পর্ক। মাঝখানে বাগদান, সন্তান, বিশ্বকাপ—সব মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন রোনালদো ও জর্জিনা। তাঁদের পাঁচ সন্তানও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছে।

তবে বিয়ের অনুষ্ঠানটি ঠিক কোথায় হয়েছে, তা এখনো প্রকাশ করেননি রোনালদো বা জর্জিনা। পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে কাসকাইসের কথা বলা হলেও নির্দিষ্ট ভেন্যুর বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিজের বাড়িতেই কি বিয়ে?

রোনালদোর নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়ে থাকতে পারে—এমন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কারণ, ব্যক্তিগত এই আয়োজনকে গণমাধ্যমের নজর থেকে দূরে রাখতে নিজেদের বাড়ির চেয়ে নিরাপদ জায়গা আর কী হতে পারে!

পর্তুগালের কাসকাইসের অভিজাত এলাকা কুইন্টা দা মারিনায় রোনালদোর বিশাল বাড়ি রয়েছে। কয়েক বছর ধরে নির্মাণের পর তৈরি এই বাড়িতে রয়েছে একাধিক বেডরুম, সুইমিংপুল, জিম, স্পা, সিনেমা হল, বোলিং অ্যালি ও বড় ভূগর্ভস্থ গ্যারেজ।

তবে বাড়িটিই যে বিয়ের ভেন্যু ছিল, তা এখনো নিশ্চিত নয়। রোনালদো কিংবা জর্জিনার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই আপাতত এটিকে সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে।

এক বছর আগে হয়েছিল বাগদান

রোনালদো-জর্জিনার বিয়ের খবর অবশ্য পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর জানিয়েছিলেন জর্জিনা।

সেসময় বড় একটি আংটির ছবি প্রকাশ করে বিয়েতে সম্মতির কথা জানান তিনি। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল—কবে এবং কোথায় হবে বহু প্রতীক্ষিত বিয়ে?

রোনালদোও এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের পর বিয়ে করতে চান। তবে নির্দিষ্ট তারিখ বা স্থান কখনো প্রকাশ করেননি তিনি। ফলে গত কয়েক মাসে তাঁদের বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়।

আগস্টের শুরুতে সেই জল্পনা আরও বেড়ে যায়। মাসের প্রথম দুই শনিবারকে ঘিরে নানা আলোচনা চলছিল। এমনকি রোনালদো-জর্জিনার বিয়ে মনে করে ভুল করে অন্য এক নবদম্পতির বিয়েতেও হাজির হয়েছিলেন কিছু ভক্ত।

যেভাবে পরিচয় রোনালদো-জর্জিনার

রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন। ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি দোকানে তাঁদের প্রথম পরিচয়।

সে সময় রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ-এর হয়ে খেলছিলেন। আর জর্জিনা ওই গুচি দোকানে কাজ করতেন।

পরিচয়ের পর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। একসময় সেই সম্পর্ক রূপ নেয় পরিবারে। পাঁচ সন্তানকে ঘিরে তাঁদের পারিবারিক জীবনও দীর্ঘদিন ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

প্রায় এক দশকের সম্পর্ক, বাগদান ও দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই সম্পর্ক পেল নতুন পরিচয়—স্বামী-স্ত্রী

শেয়ার করুনঃ
Advertisement