এবার ডক্টরেট সম্মাননা পেলেন অভিনেত্রী রানী মুখার্জি
Published : ১১:২৩, ১৫ আগস্ট ২০২৬
ক্যারিয়ার ও সামাজিক নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার নতুন সম্মাননা পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শুক্রবার (১৫ আগস্ট) মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের একটি বিশেষ অনুষ্ঠানে রানী মুখার্জির হাতে ডক্টরেট সম্মাননার সনদ তুলে দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। এ সময় লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রানী মুখার্জি বলেন, এই সম্মান শুধু একজন ভারতীয় অভিনেত্রীর জন্য নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের জন্যও একটি স্বীকৃতি। তার মতে, সিনেমা এমন একটি ভাষা, যা ভিন্ন মানুষ ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া তৈরি করতে পারে।
দীর্ঘ অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেন রানী মুখার্জি। ‘ব্ল্যাক’, ‘মার্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’সহ একাধিক প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসসহ বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী। এবার সেই অর্জনের তালিকায় যুক্ত হলো অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট।



































