বক্স অফিসে ঝড়, ইমরান হাশমির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং ‘আওয়ারাপন ২
Published : ১০:৫৫, ১৬ আগস্ট ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর আবারও বক্স অফিসের আলোচনায় বলিউড অভিনেতা ইমরান হাশমি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ২৭ কোটি রুপির বেশি আয় করেছে ‘আওয়ারাপন ২’। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা। ভারতের বাজারে সিনেমাটির প্রথম দিনের নিট আয় প্রায় ২১ কোটি রুপি, আর গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি।
এটি একক নায়ক বা প্রধান অভিনেতা হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহো’ সিনেমার মাধ্যমে তার সর্বোচ্চ ওপেনিং ছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ড প্রায় দ্বিগুণ করেছে।
মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি আয় করেছিল ৮ কোটি রুপির বেশি। শুক্রবার প্রেক্ষাগৃহে প্রদর্শনী শুরুর পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি প্রায় ৯০ শতাংশে পৌঁছায়।
আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি দেখা গেছে। প্রথম দিনে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় হয়েছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।
প্রথম দিনের আয়েই ইমরান হাশমির ক্যারিয়ারের পুরোনো বেশ কিছু রেকর্ড পেছনে ফেলেছে ‘আওয়ারাপন ২’। এমনকি ২০০৪ সালে মুক্তি পাওয়া তার জনপ্রিয় সিনেমা ‘মার্ডার’-এর পুরো ক্যারিয়ারের আয়কেও প্রথম দিনেই ছাড়িয়ে গেছে সিনেমাটি। ‘মার্ডার’ ভারতে প্রায় ১৬ কোটি রুপি নিট এবং বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি রুপি গ্রস আয় করেছিল।
এ ছাড়া ‘আওয়ারাপন’ সিনেমার প্রথম কিস্তির মোট আয়ও এক দিনেই ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে এটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে পরিচিতি পায়। সেই কারণেই ‘আওয়ারাপন ২’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল বেশ তীব্র।
নিতিন কক্কর পরিচালিত সিনেমাটিতে ‘শিবম পণ্ডিত’ চরিত্রে আবারও অভিনয় করেছেন ইমরান হাশমি। এতে আরও রয়েছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি। সিনেমাটি প্রযোজনা করেছেন বিশাল ভাট।
মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, আবেগঘন উপস্থাপনা ও ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসা কুড়িয়েছে।
প্রথম দিনের পর শনিবার ও রোববার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। উইকেন্ডে দর্শক আগ্রহ অব্যাহত থাকলে ‘আওয়ারাপন ২’ দ্রুত ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে। সেটি হলে সিনেমাটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।


































