ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ

ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেত্রী অনন্যা রাজ ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:৫৯, ১৭ আগস্ট ২০২৬

বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। গত ১৫ জুলাই দিবাগত রাতে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। সম্প্রতি অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অনন্যার পরিবার জানায়, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। তবে কঠিন সময়েও সাহস হারাননি তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পর ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যুবরণ করেন অনন্যা।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অনন্যা রাজ ছিলেন মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তার মৃত্যুতে পরিবারে গভীর শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে অভিনেত্রীর আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছে পরিবার। পাশাপাশি তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।

মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ মিউজিক ভিডিও ও চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করেন তিনি।

শুধু হিন্দি চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিলেন না অনন্যা। দক্ষিণী চলচ্চিত্রেও অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন এই অভিনেত্রী। তেলেগু সিনেমা ‘থগ্‌গেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদ্রাজ গ্যাং’-এ অভিনয় করে প্রশংসা পান তিনি।

পরিচালক শ্রীনিবাস রাজুর ২০২২ সালের তেলেগু থ্রিলার ‘থগ্‌গেদে লে’ সিনেমায় নবীন চন্দ্র, দিব্যা পিল্লাই ও পি. রবি শংকরের সঙ্গে অভিনয় করেন অনন্যা রাজ।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার পরিবার, সহকর্মী ও ভক্তরা।

শেয়ার করুনঃ
Advertisement