২৩ বছরের অপেক্ষার পর ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ১০০ কোটির ক্লাবে
Published : ১২:১০, ১৮ আগস্ট ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারে যেন নতুন করে সাফল্যের জোয়ার এসেছে। গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি এবার তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। মুক্তির প্রথম সপ্তাহেই এই মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।
ইমরান হাশমির এই সাফল্যে আবেগাপ্লুত তার স্ত্রী পারভীন হাশমি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি চলচ্চিত্রে ইমরানের ২৩ বছরের পথচলা, সাফল্য-ব্যর্থতা এবং কাজের প্রতি তার একাগ্রতার কথা তুলে ধরেছেন।
ইনস্টাগ্রামে পারভীন এই অর্জনকে দীর্ঘদিনের ধৈর্য, কঠোর পরিশ্রম ও বিশ্বাসের ফল হিসেবে উল্লেখ করেন। ১০০ কোটির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আজ এই জায়গায় পৌঁছাতে এমির ২৩ বছর সময় লেগেছে... ২৩ বছরের ধৈর্য, উৎসর্গ, বিশ্বাস, আত্মসমর্পণ, অজস্র আশীর্বাদ আর প্রার্থনা!’
ইমরানের ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতনের কথাও স্মরণ করেন পারভীন। তার ভাষ্য, সফলতা কিংবা ব্যর্থতা—কোনোটিই ইমরানকে নিজের পথ থেকে সরাতে পারেনি। প্রতিটি কাজের প্রতি তার নিবেদন এবং সাফল্যের পরও বিনয়ী থাকার প্রশংসা করেন তিনি।
পারভীন আরও লেখেন, ইমরানকে তিনি প্রতিটি প্রজেক্টে নিজের পুরোটা উজাড় করে দিতে দেখেছেন। এ সময় ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর জনপ্রিয় সংলাপ ‘আখা বলিউড এক তরফ অউর ইমরান হাশমি এক তরফ’ উল্লেখ করে তিনি বলেন, এই বাক্যটি ইমরানের অনুরাগী ও চলচ্চিত্র জগতের মানুষের অনুভূতির নিখুঁত প্রতিফলন।
বিশেষ ভাট প্রযোজিত ও নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ সিনেমায় ইমরান হাশমিকে আবারও শিভম পণ্ডিত চরিত্রে দেখা গেছে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
ইমরান হাশমির ২৩ বছরের ক্যারিয়ারে ‘আওয়ারাপন ২’-এর এই সাফল্যকে নতুন এক মাইলফলক হিসেবে দেখছেন তার ভক্তরা।



































