৪৯ বছর বয়সেই মারা গেলেন থাই অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড

৪৯ বছর বয়সেই মারা গেলেন থাই অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৩:০৯, ২০ আগস্ট ২০২৬

মাত্র ৪৯ বছর বয়সেই মারা গেলেন থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড। বুধবার ব্যাংককের পাতানাকান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই মৃত্যুতে থাইল্যান্ডের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতার স্ত্রী পুলিশকে জানান, সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য তিনি স্বামীকে ঘুম থেকে ওঠাতে যান। তখন ম্যাকডোনাল্ডকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এর আগে তিনি ভেবেছিলেন, স্বামী ঘুমিয়ে আছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে রাত ১২টা ১২ মিনিটের দিকে রে ম্যাকডোনাল্ডকে সোফায় ঢলে পড়তে দেখা যায়। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

তিন দশকের ক্যারিয়ার

থাই ও স্কটিশ বংশোদ্ভূত রে ম্যাকডোনাল্ড ১৯৭৭ সালের ২১ মে জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে অভিনয়, টেলিভিশন উপস্থাপনা এবং ভ্রমণবিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

নব্বইয়ের দশকে তরুণদের জনপ্রিয় অনুষ্ঠান ‘টিন টক’-এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান ম্যাকডোনাল্ড।

১৯৯৭ সালে ‘ফান বার কারাওকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেন তিনি।

পরের বছর ‘ও-নেগেটিভ’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেতার পুরস্কার পান ম্যাকডোনাল্ড।

দীর্ঘ বিরতির পর ২০০৯ সালে ‘ডিয়ার গ্যালিলিও’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেন।

পরবর্তী সময়ে অভিনয়ের পাশাপাশি ভ্রমণবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবেও নিয়মিত কাজ করতেন তিনি।

রে ম্যাকডোনাল্ডের আকস্মিক মৃত্যুতে তার ভক্ত, সহকর্মী ও থাইল্যান্ডের বিনোদন অঙ্গনের মানুষজন শোক প্রকাশ করছেন।

শেয়ার করুনঃ
Advertisement