বিগ বস ২০’-এর ঘরে মৌনী রায়? মোটা পারিশ্রমিকের প্রস্তাব, চলছে জোর জল্পনা
Published : ১৬:০৯, ২০ আগস্ট ২০২৬
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ আবারও ফিরছে নতুন মৌসুম নিয়ে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ‘বিগ বস ২০’। আগের মৌসুমগুলোর মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড তারকা সালমান খান।
নতুন মৌসুমের প্রতিযোগীদের তালিকা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। সেই সম্ভাব্য তালিকায় এবার যুক্ত হয়েছে ‘নাগিন’খ্যাত বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের নাম। টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার জন্য মৌনী রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন অনুষ্ঠানটির নির্মাতারা। তাকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মৌনীর সম্ভাব্য অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভক্তদের অনেকেই মনে করছেন, মৌনীর মতো পরিচিত তারকা ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করলে নতুন মৌসুমের আকর্ষণ আরও বাড়বে।
মৌনী রায় ছাড়াও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় মাহি ভিজ, গীতা বসরা, সুনীল পাল ও শোয়িক চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া এলনাজ নোরৌজি ও মেরি কমের সঙ্গেও নির্মাতারা যোগাযোগ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইতোমধ্যে ‘বিগ বস ২০’-এর নতুন প্রোমোও প্রকাশ করা হয়েছে। সেখানে ‘এক্সট্রা জীবন দান’ এবং সালমান খানের পরিচিত ভঙ্গির ‘তথাস্তু’ শব্দ ব্যবহার করে নতুন মৌসুমে ভিন্ন ধরনের চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে।
সালমান খানও জানিয়েছেন, এবার শুধু খেলা নয়, খেলার ধরনও বদলে যাবে। ‘জীবন দান’ বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা ততটা সরল নয়—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
তবে ‘জীবন দান’-এর নতুন নিয়ম কীভাবে কাজ করবে এবং শেষ পর্যন্ত মৌনী রায়সহ কারা ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করবেন, তা জানা যাবে অনুষ্ঠানটি শুরু হওয়ার পর।
































