এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সক্রিয় সরকারি বিভিন্ন ওয়েবসাইট
Published : ২০:১২, ৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে সাময়িকভাবে প্রবেশে সমস্যা দেখা দেয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে তা সম্ভব হচ্ছিল না।
ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে ‘Error 503 Backend fetch failed’ এবং ‘Guru Meditation’-সংক্রান্ত বার্তা প্রদর্শিত হচ্ছিল। একই ধরনের সমস্যা gov.bd ডোমেইনের আওতাধীন আরও কয়েকটি সরকারি ওয়েবসাইটেও দেখা যায়।
তবে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরপর আগে প্রবেশ করা না গেলেও সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটগুলো পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে।
তাৎক্ষণিকভাবে এ সাময়িক বিভ্রাটের কারণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


































