দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

Published : ২০:৪৫, ২৯ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলে,  ‘আমরা আশা করি, ড, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে  দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবে।’ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

এরআগে, বিকাল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ ছিলেন।

ফখরুল বলেন,  ‘সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবেন। প্রয়োজনীয় সংস্কারগুলোও তারা করবেন।’

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা পর্যায়ক্রমে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনার বিষয় সরকারের পক্ষ থেকে আসবে। যা কিছু হবে তার সবই সরকারের পক্ষ থেকে আসবে।’

প্রসঙ্গত, ড. ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিএনপি নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন।

সবশেষে বিএনপি নেতারা এই প্রত্যয় ব্যক্ত করেন, বর্তমান সরকার সংস্কার, নির্বাচন সম্পর্কিত ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে, সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে। তারা  এর একটি সমন্বিত অংশীদার হবেন।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
 

এনই

শেয়ার করুনঃ
Advertisement