বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহিলা আওয়ামী লীগ বরিশালের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

Published : ১০:৪৫, ২৩ জুন ২০২৬

বরিশালে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর একটি বাসায় এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কক্ষে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কয়েকজন নারী কর্মী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। পরে তারা কেক বিতরণ ও ব্যানার নিয়ে ফটোসেশনে অংশ নেন। উপস্থিতদের মধ্যে কেউ মুখে মাস্ক পরেছিলেন, আবার কেউ খোলামেলাভাবে ক্যামেরার সামনে ছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর সদর রোড এলাকার একটি বাসায় গোপনে এ আয়োজন করা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ভিডিওটির সত্যতা ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশেষ অভিযানে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

সোমবার তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, ২৩ জুনকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement