আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল
Published : ১০:৫২, ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের ছয়টি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সোমবার (২২ জুন) মুঠোফোনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর টিম ঢাকার পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হবে।
তিনি বলেন, সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। পোস্তগোলা ক্যান্টনমেন্ট থেকেই নারায়ণগঞ্জে টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, সেনাবাহিনী নারায়ণগঞ্জে কখন এবং কোন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানবেন। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমকেও অবহিত করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এ কারণে শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জানমালের সুরক্ষার স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন থাকবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

































