বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতা, বাংলাদেশি তিন পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংসতা, বাংলাদেশি তিন পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৭, ১২ জুন ২০২৬

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট-এ অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয়ে যেতে হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে উত্তর বেলফাস্টের টাইগার বে এলাকায় মুখোশধারী বিক্ষোভকারীরা অভিবাসীদের বসবাসরত কয়েকটি বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জানালা-দরজা ভাঙচুর করে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

জানা গেছে, হামলার শিকার তিনটি বাংলাদেশি পরিবারের মোট ১১ জন সদস্য বর্তমানে অস্থায়ী আবাসনে অবস্থান করছেন। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তারা এখনও নিজ বাড়িতে ফিরতে পারেননি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানিয়েছেন, এই ঘটনার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নিরাপত্তাজনিত শঙ্কায় অনেকেই নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানও খুলতে পারছেন না, ফলে আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকায় বাড়িঘর, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনার পর স্থানীয় বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে ফেরার সম্ভাবনা অনিশ্চিত বলে জানা গেছে।

শেয়ার করুনঃ
Advertisement