ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, পারমাণবিক অস্ত্র না তৈরির দাবি
Published : ১৪:৫৪, ১২ জুন ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে ট্রাম্প বলেন, “আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনো পারমাণবিক অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে এবং এটিই ছিল আমাদের প্রধান শর্ত।”
তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই ইউরোপে চুক্তিটি স্বাক্ষর হতে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
দিনের শুরুতে ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুঁশিয়ারি দিলেও পরে ট্রাম্প জানান, উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হওয়ায় পরিকল্পিত বিমান হামলা স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী
এলাকায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হবে।
তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আলোচনা এগোলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আলোচনার সময় নতুন নতুন শর্ত আরোপের অভিযোগও তোলেন।
এদিকে ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই মধ্যস্থতাকারী হিসেবে কাতার এর ভূমিকার প্রশংসা করেছে।
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করে।

































