রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ময়ূখ রঞ্জন ঘোষ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:৩১, ৫ আগস্ট ২০২৬

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে মন্তব্যের কারণে বাংলাদেশেও আলোচনায় থাকা ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তবে চ্যানেল ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল। কেন, কী কারণে—সেসব নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম। এরপর কী? জগন্নাথ জানেন। উনি পথ দেখাবেন। কবে থেকে? সেটাও সময় বলবে।”

রিপাবলিক বাংলা ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, এটি হঠাৎ নেওয়া হয়নি। তাঁর ভাষায়, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম ২০২৫ সালেই। আমার কাজ কী? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে, হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া। তা আমাকে বা আপনাকে কি কেউ মাথার দিব্যি দিয়েছে? আপনাকে টিভিতেই এসে আমাকে শুনতে হবে?”

আরেকটি অংশে তিনি লেখেন, “ওমুক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে? পেপার পেতে পেতে সকাল? পরিষ্কার হলো না তো? বেশ, তাহলে কাল আরও বিস্তারিত লিখব। আজ শুধু এটুকুই লিখছি—আমি আপ্লুত। রোজ কত কিছু হয়। কত চাকরি বদল হয়, কত দলে অদলবদল হয়; কিন্তু গোটা পৃথিবীর বাংলাভাষীদের আলোচনার বিষয় হয় না।”

তিনি আরও লেখেন, “আমি কৃতজ্ঞ যে একদল মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আরেকদল সমালোচনা করে। এই সম্পৃক্ততাই অনেকের অস্বস্তির কারণ।”

পোস্টের শেষদিকে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, “কিছু মানুষ ভাবছে, আপদ বিদায় হয়েছে। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। অপেক্ষা করুন, খেলা কেবল শুরু।”

উল্লেখ্য, বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনই রিপাবলিক বাংলা ছাড়ার ঘোষণা দেন ময়ূখ রঞ্জন ঘোষ। একই দিন দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে “একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান” বলে অভিহিত করেন।

শেয়ার করুনঃ
Advertisement