আমার কমন সেন্স বলছে শেখ হাসিনা দেশে ফিরবেন’: রুমিন ফারহানা
Published : ১৯:১৫, ৫ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তাঁর ধারণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় দেশে ফিরে আসবেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের হত্যার ঘটনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, “শেখ হাসিনার বয়স হয়েছে। তিনি যদি আর দেশে ফিরে না আসেন, তাহলে তাঁর দলের ভবিষ্যৎ কী হবে, কিংবা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিণতিই বা কী হবে? সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলছে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন।”
সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে মানুষের হাতে বিভিন্ন ধরনের গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। তাই কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা বাস্তবে সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি, তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। যদি সেটিকে গণতন্ত্র না বলা হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকেও একইভাবে প্রশ্নের মুখে পড়তে হবে।”

































