মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আল হাসান। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৮, ৬ আগস্ট ২০২৬

মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ভারতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি অংশ নেন সাকিব আল হাসান।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে এক পোশাককর্মীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাকিব আল হাসান অভিযুক্ত। এছাড়া তার বিরুদ্ধে শেয়ারবাজার-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি এবং চেক-সংক্রান্ত মামলাসহ একাধিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলাগুলো বিচারাধীন রয়েছে এবং আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement