ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগে সম্পৃক্ততার অভিযোগ

ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগে সম্পৃক্ততার অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫২, ৬ আগস্ট ২০২৬

ইউক্রেন যুদ্ধে অংশ নিতে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগের সন্দেহভাজন একটি নেটওয়ার্কের সঙ্গে নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে কলম্বিয়ায় রাশিয়ার দূতাবাস।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাসটি এ দাবি জানায়। এর আগে সোমবার কলম্বিয়ার সংবাদমাধ্যম নোতিসিয়াস কারাকোল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে সাক্ষ্য ও বিভিন্ন নথির ভিত্তিতে অভিযোগ করা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অংশ হিসেবে মস্কো কলম্বীয় নাগরিকদের নিয়োগ দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার কূটনৈতিক মিশন ওই প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের ভাষ্য, প্রতিবেদনে যাদের নিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। এমনকি তারা কীভাবে অর্থায়ন পায়, সে বিষয়েও দূতাবাসের কোনো ধারণা নেই বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বিদেশে নিরাপত্তা সেবায় নিয়োজিত কলম্বীয়দের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, রাশিয়া ও ইউক্রেনে তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এসব নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই অবসরপ্রাপ্ত সামরিক সদস্য।

গত নভেম্বরে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিযোগে দুই কলম্বীয় নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দেয় রাশিয়া।

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, অর্থের বিনিময়ে বর্তমানে অন্তত সাত হাজার কলম্বীয় নাগরিক রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ করছেন।

জাতিসংঘও গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন সশস্ত্র সংঘাতে অংশ নিতে বিদেশে অন্তত ১০ হাজার কলম্বীয়কে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের অনেকেই অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, অবসরের পর কর্মসংস্থানের সংকট এবং দীর্ঘদিনের সংঘাত মোকাবিলার সামরিক অভিজ্ঞতার কারণে অনেক কলম্বীয় সাবেক সেনাসদস্য বিদেশি সংঘাতপূর্ণ এলাকায় কাজ নিতে আগ্রহী হন। এ কারণে সুদান, ইয়েমেন, ইউক্রেন এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোসহ বিভিন্ন সংঘাতকবলিত দেশে কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের নিয়োগের ঘটনা প্রায়ই দেখা যায়।

শেয়ার করুনঃ
Advertisement