সবুজবাগে কালভার্টের নিচে খণ্ডিত নারীর মরদেহ উদ্ধার
Published : ১১:৪১, ৬ আগস্ট ২০২৬
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অংশের মধ্যে রয়েছে মাথা ও দুই হাত। তবে শরীরের বাকি অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নৃশংস এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচে মরদেহের অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের উদ্ধার অভিযান পরিচালনা করে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারীকে দুই থেকে তিন দিন আগে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয়েছে। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ কিছুদিন ঘটনাস্থল বা এর আশপাশে ফেলে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, এখন পর্যন্ত মাথা ও দুই হাত উদ্ধার করা গেলেও শরীরের বাকি অংশের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ অংশ উদ্ধারে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল কাজ করছে। পাশাপাশি আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া মরদেহের অংশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
































