পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
Published : ১৮:১৫, ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই মুসলমানদের অন্যতম দায়িত্ব। তাঁর শিক্ষা ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, ক্ষমা, ধৈর্য, সমতা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান বিশ্বে ইসলামের শান্তির বাণী অনুসরণ করা হলে যুদ্ধ-বিগ্রহ কমবে, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং সমাজে বিশৃঙ্খলা দূর হবে।
তিনি আরও বলেন, ন্যায়, শান্তি ও সাম্যের পথে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করা উচিত। তাঁর জীবন ও সাহাবিদের আদর্শ অনুসরণ করলে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য কমিয়ে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের আলোকে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
































