বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
Published : ১৮:০২, ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।
৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়া উপযুক্ত দিনক্ষণ নির্ধারণ করে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরও কয়েকটি কর্মসূচির খসড়া প্রস্তুত করা হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেগুলো পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছিলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের একটি সংকটময় সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন।
রিজভীর দাবি, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আদর্শ সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি।
































