প্রধানমন্ত্রী তারেক রহমান শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে
Published : ১৮:২৭, ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জহুরুল ইসলাম বাবু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।
রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও পরিচিত ছিলেন জহুরুল ইসলাম বাবু। তিনি পাবনা পিওয়াইসি ক্লাবের একজন কৃতি ক্রিকেটার ছিলেন। এছাড়া তিনি পাবনা সাবেক ক্রিকেটার সমিতির সদস্য ছিলেন।
































