ফ্রান্সের স্কুল বিক্ষোভ নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

ফ্রান্সের স্কুল বিক্ষোভ নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:৫৪, ৭ অক্টোবর ২০২৬

ফ্রান্সে স্কুলের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে অভিবাসন ও ইসলামের সঙ্গে যুক্ত করে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, দেশটিতে যা ঘটছে, তার পেছনে রয়েছে ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ব্যাপক অভিবাসন’। তাঁর বক্তব্য, এটি স্কুলসংক্রান্ত কোনো সমস্যা নয়; বরং ইসলাম ফ্রান্সের মতো একটি দেশকে দখল করে নেওয়ার চেষ্টা করছে।

তবে বিক্ষোভের সঙ্গে অভিবাসন বা ধর্মীয় কোনো ইস্যুর সরাসরি যোগসূত্র নেই। শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অসন্তোষ থেকেই আন্দোলনের সূত্রপাত। এর মধ্যে রয়েছে শিক্ষক ও অন্যান্য কর্মীর সংকট, পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন এবং অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে পরিচালিত শ্রেণিকক্ষ।

ক্রমে আন্দোলনটি ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশের বলপ্রয়োগের মাত্রা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিক্ষোভ চলাকালে এক স্কুলছাত্রের হাত বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি আরেক শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকার সমর্থনে অবস্থান নিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপের পক্ষে তাঁর অবস্থান নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে আগামী মাসে অন্তর্বর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁর বক্তব্যকে দেশটির অভিবাসনবিরোধী রাজনৈতিক অবস্থান এবং কঠোর বহিষ্কার নীতির পক্ষে জনসমর্থন জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সমালোচকেরা।

শেয়ার করুনঃ
Advertisement