আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানি না: ট্রাম্প
Published : ১২:৩২, ৮ অক্টোবর ২০২৬
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিজের প্রাপ্য বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারও তিনি পুরস্কারটি পাবেন কি না, তা নিয়ে নিজেরই সংশয় রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নরওয়েজিয়ান নোবেল কমিটির তার মতো ব্যক্তিদের পুরস্কার না দেওয়ার ‘সুনাম’ রয়েছে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার (৯ অক্টোবর) ঘোষণা করার কথা রয়েছে।
ট্রাম্প বলেন, তিনি জানেন না কমিটি এবার কী সিদ্ধান্ত নেবে। তবে নিজের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই তিনি বারবার দাবি করে আসছেন, নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি যোগ্য।
ওভাল অফিসে ট্রাম্প আরও বলেন, এখন তার পুরস্কার পাওয়ার সময় এসেছে বলে তিনি মনে করেন। গত বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোও তাকে পুরস্কারটির যোগ্য বলে উল্লেখ করেছিলেন বলে দাবি করেন তিনি।
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদো চলতি বছরের জানুয়ারিতে নিজের পদকটি ট্রাম্পকে উপহার দেন। ভেনেজুয়েলায় নিজের রাজনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করার সময় তিনি এই পদক্ষেপ নেন।
ট্রাম্পের দাবি, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্বের আটটি সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন। এ কারণেই নোবেল শান্তি পুরস্কার তার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। তবে এসব মনোনয়নের দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়।
ট্রাম্প যেসব সংঘাত সমাধানে নিজের ভূমিকার কথা বলছেন, সেগুলোর কয়েকটির পক্ষ তার কূটনৈতিক ভূমিকা নিয়ে ভিন্নমত জানিয়েছে। কিছু অঞ্চলে আবারও সংঘাত দেখা দেওয়ার ঘটনাও ঘটেছে। ইউক্রেন যুদ্ধও এখনো সমাধান হয়নি, যদিও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার শুরুতেই এই যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থী মনোনীত হয়েছেন—এর মধ্যে ২০৮ জন ব্যক্তি ও ৭৯টি সংগঠন রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কারা মনোনীত হয়েছেন, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।
নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য আলোচিত প্রার্থীদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারসহ কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তবে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত এসব কেবল সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে।
































