১৭ বছরের দাম্পত্যের ইতি, ৪০ লিটার দুধে গোসল করে ‘মুক্ত’ হলেন স্বামী
Published : ১৯:৩৮, ৯ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এক ব্যক্তি। তার দাবি, স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে সন্তান ও সংসার ছেড়ে চলে যাওয়ায় তিনি বিবাহবিচ্ছেদ করেছেন। দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় দুই বছর ধরে দেশে অবস্থান করছেন।
ওই ব্যক্তি জানান, প্রায় এক বছর আগে তিনি জানতে পারেন, তার স্ত্রী অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বোঝানোর চেষ্টা করেও সফল হননি তিনি।
গত মঙ্গলবার রাতে স্ত্রী পরিবারের কাউকে না জানিয়ে কথিত প্রেমিকের বাড়িতে চলে যান। বিষয়টি জানাজানি হলে শনিবার উভয় পক্ষের মুরব্বিদের নিয়ে বসে বৈবাহিক সম্পর্কের ইতি টানেন তিনি। এরপর বিকেলে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “১৭ বছরের সম্পর্ক। আজ আমি মুক্ত হলাম, মুক্ত করলাম। আমি এখন পবিত্র, আগে অপবিত্র ছিলাম।
দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, তার মা পছন্দ করে যাকে বিয়ে দিয়েছিলেন, সেই স্ত্রী তার মান-সম্মান নষ্ট করেছেন। বিদেশ থেকে পাঠানো অর্থও অন্য ব্যক্তির পেছনে ব্যয় করেছেন বলে দাবি করেন তিনি।
শেষ পর্যন্ত সন্তান ও সংসার ছেড়ে চলে যাওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করেছেন বলে জানান ওই ব্যক্তি।
এদিকে ওই নারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তিনি যে ব্যক্তির বাড়িতে গেছেন, তাকে শনিবার রাতে আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। ফলে তারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম রোববার বিকেলে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুধ দিয়ে গোসলের ভিডিওটি পুলিশও দেখেছে।


































