তাপপ্রবাহে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন ৫ উপকারী খাবার

তাপপ্রবাহে সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন ৫ উপকারী খাবার প্রতীকী ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৭, ২ জুন ২০২৬

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং তাপজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, প্রচণ্ড গরমে শরীরের পানির ভারসাম্য বজায় রাখা এবং প্রয়োজনীয় খনিজ উপাদানের ঘাটতি পূরণ করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রার মধ্যে অবস্থান করলে মাথা ঘোরা, তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন, খিঁচুনি কিংবা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ হিটস্ট্রোকের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়।

তাপপ্রবাহের সময় শরীরকে সতেজ ও সুস্থ রাখতে কয়েকটি খাবার ও পানীয় বিশেষভাবে কার্যকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঘোল ও লাচ্ছি
গরমের ক্লান্তি দূর করতে ঘরে তৈরি ঘোল ও লাচ্ছি বেশ উপকারী। এগুলো শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা কমাতে সাহায্য করে। তবে খোলা পরিবেশে বিক্রি হওয়া পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ডাবের পানি
প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ ডাবের পানি গরমের সময়ে শরীরের জন্য অন্যতম উপকারী পানীয়। এটি দ্রুত পানির ঘাটতি পূরণ করে এবং শরীরকে চাঙা রাখতে সহায়তা করে।

লেবুর শরবত
এক চিমটি লবণ মিশিয়ে তৈরি করা লেবুর শরবত শরীরের লবণ ও পানির ভারসাম্য রক্ষায় কার্যকর। তবে অতিরিক্ত চিনি ব্যবহার না করাই ভালো।

তরমুজ
গ্রীষ্মকালীন এই ফলটিতে প্রচুর পানি থাকে, যা শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে তাপজনিত অস্বস্তি কমতে পারে।

শসা
শসা পানিসমৃদ্ধ হওয়ায় এটি শরীরকে শীতল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় শসা যোগ করলে পানির ঘাটতি পূরণে সহায়তা পাওয়া যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাপপ্রবাহের সময় পর্যাপ্ত পানি পান, রোদে কম বের হওয়া এবং পানিসমৃদ্ধ খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন।
 

শেয়ার করুনঃ
Advertisement