তিন বছরে প্রায় ৩ লাখ টাকার ফ্রিজ অকেজো: রবিন রাফানের অভিযোগ

তিন বছরে প্রায় ৩ লাখ টাকার ফ্রিজ অকেজো: রবিন রাফানের অভিযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৭, ২৯ আগস্ট ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান প্রায় তিন লাখ টাকা দামের একটি ফ্রিজ তিন বছরের মধ্যেই কার্যত অকেজো হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পণ্যটির বিক্রয়োত্তর সেবা নিয়েও হতাশা প্রকাশ করে তিনি র‍্যাংগস ইমার্ট ও এলজি গ্লোবালের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে রবিন রাফান জানান, তিনি ২৩ মে ২০২৩ সালে ফ্রিজটি কিনেছিলেন। তাঁর অভিযোগ, কেনার প্রথম বছরেই ফ্রিজের আইস ডিসপেনসার কাজ করা বন্ধ করে দেয়। পরে কুলিং সিস্টেমেও সমস্যা দেখা দেয়, যার ফলে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, তখন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁর অভিযোগ অনুযায়ী, তৃতীয় পক্ষের একটি সার্ভিস সেন্টার ফ্রিজটি মেরামতের জন্য নিয়ে যায়। পরে সেটি ফেরত দেওয়ার সময় ফ্রিজের বডিতে বড় ধরনের আঘাতের চিহ্ন, স্টিকার এবং দাগ দেখতে পান তিনি। এ-সংক্রান্ত ছবি পোস্টে যুক্ত করার কথাও উল্লেখ করেন রবিন রাফান।

দেশে ফিরে ফ্রিজের অবস্থা দেখে হতাশ হন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মেরামতের পর ফ্রিজটি প্রায় এক বছর চললেও এখন আবার আগের মতো কুলিং-সংক্রান্ত সমস্যায় পড়েছে।

রবিন রাফান প্রশ্ন তোলেন, এত দামের একটি ফ্রিজ যদি ন্যূনতম ছয় থেকে সাত বছর নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা না যায়, তবে ক্রেতারা কেন সেটি কিনবেন। তিনি জানান, এর আগে অন্য একটি ব্র্যান্ডের ফ্রিজ দীর্ঘ সময় সন্তুষ্টির সঙ্গে ব্যবহার করেছিলেন। বিজ্ঞাপন দেখে প্রত্যাশা নিয়ে মডেল পরিবর্তন করলেও বর্তমান অভিজ্ঞতা তাঁকে হতাশ করেছে।

তিনি বলেন, এখন আর রিফান্ড বা নতুন করে সার্ভিস চান না; বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ফ্রিজটি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

এগুলো রবিন রাফানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে উত্থাপিত অভিযোগ। এ বিষয়ে র‍্যাংগস ইমার্ট বা এলজির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement