ডিএমপি কমিশনারের গাড়িবহর নিয়ে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর দাবি পুলিশের

ডিএমপি কমিশনারের গাড়িবহর নিয়ে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর দাবি পুলিশের ছবি: সংগৃহীত

ডিএমপির প্রতিবাদলিপি

Published : ০২:০১, ৫ জুন ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের গমনাগমন সংক্রান্ত কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ বলে দাবি করেছে ডিএমপি।

এক প্রতিবাদলিপিতে ডিএমপি জানায়, “ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান” শিরোনামে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে মিন্টো রোডে ডিএমপি কমিশনারের গাড়িবহরের চলাচল নিয়ে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা প্রকৃত পরিস্থিতির সঠিক প্রতিফলন নয়।

ডিএমপির ব্যাখ্যা অনুযায়ী, মিন্টো রোড কোনোভাবেই একমুখী (ওয়ান ওয়ে) সড়ক নয়। সড়কটিতে উভয় দিকেই যানবাহন চলাচল করে। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে কয়েক মাস আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিকের অস্থায়ী কোন স্থাপন করে উত্তরমুখী যানবাহনকে ইউ-টার্নের মাধ্যমে দক্ষিণমুখী করার একটি ব্যবস্থা চালু করা হয়েছিল।

পুলিশ বলছে, এটি কোনো স্থায়ী অবকাঠামো বা স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা নয়। ট্রাফিক পরিস্থিতি, যানবাহনের চাপ এবং তাৎক্ষণিক প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই ওই অস্থায়ী ইউ-টার্ন ব্যবস্থা একাধিকবার খোলা ও বন্ধ করা হয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ডিএমপি কমিশনারের গাড়িবহরের চলাচলও সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশনা ও ট্রাফিক ব্যবস্থাপনার আওতাতেই সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ট্রাফিক আইন লঙ্ঘন, বিশেষ সুবিধা গ্রহণ বা নিয়মের ব্যত্যয় ঘটেনি।

ডিএমপির দাবি, কিছু সংবাদে ঘটনাটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ একটি পথ শুধুমাত্র কমিশনারের গাড়িবহরের জন্য খুলে দেওয়া হয়েছিল, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংস্থাটি জানায়, গণমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুনঃ
Advertisement