জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৩৫, ৮ জুন ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি যথাযথ মর্যাদা ও তাৎপর্যের সঙ্গে পালনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সরকারি দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে কার্যবিবরণী পাঠানো হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা প্রশাসন পর্যন্ত দিবসটি সফলভাবে উদযাপনের জন্য সমন্বিত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কার্যক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআই এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরকে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, জাতীয় পর্যায়ে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয় প্রশাসনের মাধ্যমে পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

দিবসটির কর্মসূচিতে শিক্ষা, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, সমাজকল্যাণ, ধর্ম, তথ্যপ্রযুক্তি, মহিলা ও শিশু বিষয়ক, প্রবাসী কল্যাণ এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন খাতের মন্ত্রণালয় ও বিভাগকে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকেও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও জাতীয় গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই রাষ্ট্রীয় পর্যায়ে এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement