ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন পেল বিটিভি
Published : ০২:৫৪, ৮ জুন ২০২৬
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) অনুসরণ করে ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব কেনার অনুমোদন দেওয়া হয়।
চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।
অনুমোদনের ফলে বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর “অল মিডিয়া রাইটস” অর্জন করবে। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি টেলিভিশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পুরো টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার করতে পারবে।
সরকারি ক্রয় কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিক পর্যালোচনা করে অনুমোদনের সুপারিশ করে।
সরকারের লক্ষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। অনুমোদন কার্যকর হলে দেশজুড়ে দর্শকরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন।


































