অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার

অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২১, ৮ জুন ২০২৬

ঢাকা, ৭ জুন: অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের ক্রমবর্ধমান অনলাইন সংবাদমাধ্যম খাতকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা তৈরির কাজ করছে। এই নীতিমালার মাধ্যমে অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন, পরিচালনা এবং জবাবদিহিতা আরও কার্যকরভাবে নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, জেলা পর্যায়ের যেসব সংবাদপত্রের প্রকাশনা কার্যক্রম দুর্বল বা অনিয়মিত, সেগুলোর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ও পুনর্মূল্যায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা যাচাই-বাছাই করে দেখছি সংশ্লিষ্ট সংবাদপত্রগুলো যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কিনা। কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদপত্র প্রকাশনার বর্তমান চিত্র তুলে ধরে তিনি জানান, ঢাকা থেকে বর্তমানে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে সরকারি মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক প্রকাশনা।

সরকার গণমাধ্যম খাতকে আরও দায়িত্বশীল, পেশাদার ও আধুনিক করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

শেয়ার করুনঃ
Advertisement