ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ জুন দাখিলের নির্দেশ
Published : ০৩:৩৭, ৮ জুন ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এই তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।
আগে ৬ জানুয়ারি ডিবি পুলিশের তদন্তে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি বাদী নারাজি আবেদন দাখিল করেন।
আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
বর্তমানে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছেন।






























