জেট ফুয়েলের দাম লিটারে ১৫.৬৭ টাকা কমালো বিইআরসি
Published : ০৩:৩১, ৮ জুন ২০২৬
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা এবং আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে ০.১০ মার্কিন ডলার কমানো হয়েছে।
রোববার প্রকাশিত বিইআরসি’র প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ এয়ারলাইন্সের জন্য জেট এ-১ ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি ১৫০ টাকা ২১ পয়সা, যা আগে ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.৯৮০৮ মার্কিন ডলার, যা আগে ছিল ১.০৮২৩ ডলার।
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার জানান, নতুন মূল্য ৭ জুন ২০২৬ রাত ১২টা থেকে কার্যকর হবে।
তিনি আরও জানান, ২২ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্ল্যাটস রেটের গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের ভিত্তিতে এবং গণশুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

































