চীনের সরকারি সফরে রওনা দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

চীনের সরকারি সফরে রওনা দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৫০, ৮ জুন ২০২৬

চীনা সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সফর উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষ সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

সফরকালে মন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এছাড়া চীনের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম সহযোগিতা, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং তথ্য বিনিময় বিষয়ক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও নীতিগত আলোচনা হতে পারে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

শেয়ার করুনঃ
Advertisement