ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু; মরদেহ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু; মরদেহ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : ০০:৩৪, ৮ জুন ২০২৬

নারায়ণগঞ্জ, ৭ জুন: নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। ঘটনার পর মামলা নিতে গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানার এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

নিহত মো. জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন রাত প্রায় ৯টা ১০ মিনিটে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজ এলাকায় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। জোবায়ের প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

জোবায়েরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় তার মরদেহ এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণে গড়িমসি করে। জোবায়েরের প্রতিবেশী টিপু অভিযোগ করেন, মামলা নথিভুক্ত করার জন্য থানার এসআই মাসুদ ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করতে এসে ফিরে গেছে—এমন কোনো তথ্য তার কাছে নেই। তবে অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এসআইকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement