দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ’কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪৬, ৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত “কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ” কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলাম আধুনিকায়নের বিকল্প নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময়ের শাসন-ব্যবস্থার কারণে দেশের শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন সময় জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গড়ে তোলার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, দেশের ২ হাজারের বেশি কলেজে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, যা উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, এআই, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা, কোয়ান্টাম কম্পিউটিংসহ আধুনিক বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা জরুরি।

বেকারত্ব কমাতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন গ্র্যান্ট ও সিড ফান্ডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষতার পাশাপাশি নৈতিকতা, মানসিক স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখা ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়ক হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement